আমেরিকার মাটিতে পরম শ্রদ্ধায় সমাহিত হলেন জাকির হোসেন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম

জাকির আল্লা রাখা কুরেশি, যাঁকে গোটা বিশ্ব চিনেছে জাকির হোসেন নামে। গত সোমবার ১৬ ডিসেম্বর ভোরে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। কিংবদন্তি তবলাবাদক জাকির হোসেন পরম শ্রদ্ধায় সমাহিত হলেন আমেরিকার মাটিতে।

জানা যায়, তাকে শায়িত করা হয়েছে সান ফ্রান্সিসকোর ফার্নউড কবরস্থানে।পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতেই দাফন করা হয় জাকির হোসেনকে। শেষবিদায়েও তাঁর সঙ্গে থাকল সংগীত। শেষযাত্রায় ড্রাম বাজান তাঁর দীর্ঘদিনের বন্ধু, তথা বাদ্যকার শিবমণি।

জানা যায়, ফুসফুসের রোগ ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে ভুগছিলেন ওস্তাদ জাকির। সেই জটিলতার কারণে দীর্ঘ সময় ধরে ভর্তি ছিলেন হাসপাতালে, কিন্তু শেষরক্ষা হয়নি। ৭৩ বছর বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বিশ্বের অন্যতম সেরা বাদ্যকর।

জাকির হোসেন রেখে গেছেন তাঁর স্ত্রী অ্যান্টোনিয়া মিনেকোলা, কন্যা আনিসা কুরেশি এবং ইসাবেলা কুরেশি, তাঁর ভাই তৌফিক কুরেশি, ফজল কুরেশি, তাঁর বোন খুরশিদ আউলিয়াকে।

উল্লেখ্য, ১৯৫১ সালে ভারতের মুম্বাইয়ে জন্ম ওস্তাদ জাকির হুসেনের। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তার। মাত্র সাত বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত