কালীগঞ্জে ট্রলির চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত 

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুগার মিলের আখ বহনকারী  ট্রলির ধাক্কায় মৌসুমি আক্তার (২৬) ও ফিরোজ হোসেন (২২) নামের দুই ইজিবাইক যাত্রীর মৃত্যু হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ওই উপজেলার মল্লিকনগর সুগার মিল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মৌসুমি আক্তার ওই উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে।

জানা গেছে, চাপরাইল বাজার থেকে ইজিবাইকে কালীগঞ্জ শহরে যাওয়ার পথে মল্লিক নগর এলাকায় মোবারকগঞ্জ সুগার মিলের আখ পরিবহনের গাড়ি যাত্রীবাহি ইজিবাইকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৌসুমি আক্তারের মৃত্যু হয়। ওই সময় গুরুতর আহত ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা যান।

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা জানান, আমাদের এখানে আসার আগেই মৌসুমি আক্তারের মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন হোসেন জানান, ট্রলির চাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলি চালকের বিরুদ্ধে মামলা হবে। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত