শেখ হাসিনাকে এক দিনের জন্য হলেও আয়নাঘরে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, ‘ভারতে বসে শেখ হাসিনা আরামে কফি খাচ্ছেন, পার্কে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু আপনাকে বাংলাদেশে আসতেই হবে, বিচারের মুখোমুখি দাঁড়াতেই হবে। আপনি যদি খালেদা জিয়াকে জেলখানায় পাঠাতে পারেন, তাহলে আপনাকেও কাশিমপুর কারাগারে যেতে হবে।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে ‘নির্বাচনী রোডম্যাপ ও জন-আকাক্সক্ষা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘আপনারা দয়া করে সোজা হয়ে যান। বিজয় দিবস নিয়ে মমতা কী বলল, মোদি কী বলল তাতে আমাদের কিছু আসে যায় না। বিএনপির তিনটি সংগঠন আগরতলার উদ্দেশে লংমার্চ করছে। আগরতলার পাশে ব্রাহ্মণবাড়িয়া আছে, ভারতের জন্য ব্রাহ্মণবাড়িয়া যথেষ্ট। বাংলাদেশের মানুষ অনেক সচেতন। গরিব হতে পারে কিন্তু মনটা বড়।’
আয়োজক দলের সভাপতি জসীম উদ্দিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন আমু, চালক দলের সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার প্রমুখ
