ইংলিশ প্রিমিয়ার লিগে আগের রাউন্ডেই ইতিহাদে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে গতকাল ম্যানইউ নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে হেরেছে। বোর্নমাউথ ৩-০ গোলে হারিয়েছে ম্যানইউকে। বোর্নমাউথের হয়ে গোল করেন ডিয়ান হইসেন, জাস্টিন কুইভার্ট ও আন্তোনিও সেমেনও। গেল মৌসুমেও ওল্ড ট্র্যাফোর্ডে একই ব্যবধানে জিতেছিল বোর্নমাউথ।
মৌসুমে লিগে এটি ম্যানইউর ১৭ ম্যাচে সপ্তম হার। তাতে ক্রিসমাসের আগে পয়েন্ট টেবিলে শীর্ষ দশের বাইরেই রইল রেড ডেভিলরা। ১৯৮৯-৯০-এর পর এই প্রথম ক্রিসমাসের আগে পয়েন্ট টেবিলে দশের বাইরে ম্যানইউ।
একই দিনে লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে উলভস। লেস্টারের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী এদিন বদলি হিসেবে খেলতে নেমেছিলেন। গেল বৃহস্পতিবার বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পান হামজা। তাই বাংলাদেশি হিসেবে ইপিএলে এটি ছিল তার প্রথম ম্যাচ। এ ছাড়া এভারটন ও চেলসির ম্যাচ গোলশূন্য ড্র হয়।
লিগ কাপে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন গ্যাব্রিয়েল জেসুস। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে একই দলের বিপক্ষে জোড়া গোল করলেন জেসুস। শনিবার রাতে লিগের ম্যাচে আর্সেনাল ৫-১ গোলে হারিয়েছে প্যালেসকে। তাতে লিগে দুই ম্যাচ পর জয়ে ফিরল আর্সেনাল।
লিগ কাপের ম্যাচের পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস বলেছিলেন, ফের প্যালেসকে হারাতে আরেকটি যুদ্ধ জয় করতে হবে তাদের। তবে এবার সহজ জয়ই পেলেন। ষষ্ঠ মিনিটে দলকে এগিয়ে নেন জেসুস। বক্সে প্যালেসের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় পেয়ে যান তিনি, ছুটে গিয়ে প্রথম শটে বল জালে পাঠান। লিগে জেসুস গোল করলেন গেল জানুয়ারির পর এই প্রথম!
১১ মিনিটে গোল শোধ দেন ইসমাইল সার। তবে চার মিনিট পর আবারও গোল করেন জেসুস। ২১ মিনিটে আবার সমতায় ফিরতে পারত প্যালেস, তবে গোলকিপারকে একা পেয়েও ব্যর্থ হন জ্যাঁ-ফিলিপ মাতেতা। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান কাই হাভার্টজ। প্রথমার্ধে আরও গোল পেতে পারত মিকেল আর্তেতার দল। তবে পোস্ট ও ক্রসবারে লাগায় গোল মেলেনি। ৬০ মিনিটে মার্টিনেল্লি ও ৮৪ মিনিটে ডেকলান রাইস গোল করলে বড় জয় নিশ্চিত হয় আর্সেনালের। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট আর্সেনালের।
