হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দালালসহ ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৮টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সস্তামোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন—নরসিংদী জেলার রায়পুর উপজেলার রাজপ্রাসাদ গ্রামের মো. মনির (৪৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার তীরকোনা গ্রামের ঘনুরঞ্জন সরকার (২৩), নাসিরনগর উপজেলার সিংহগ্রামের রাম গোবিন্দ দাস (৩৭) ও তার ছোট ভাই ধর্মদাস (২৩), সুশীল শাহাজী (২০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার সন্তোষপুর গ্রামের মো. হৃদয় মিয়া (২৫) ও মোখলেছুর রহমান (৩০)।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
