বিচারক নিয়োগে স্বতন্ত্র কাউন্সিল গঠন দ্বারপ্রান্তে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ এএম

বিচার বিভাগ স্বতন্ত্রীকরণের প্রাতিষ্ঠানিকীকরণ ও উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বতন্ত্র কাউন্সিল গঠন দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে গত ১২ আগস্ট আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের অভিষেক বক্তব্য, ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে দেওয়া অভিভাষণে বিচার বিভাগ নিয়ে প্রধান বিচারপতির রোডম্যাপ উপস্থাপনের বিষয়টি উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন প্রেক্ষাপটে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে মাসদার হোসেন মামলার রায়ের বাস্তবায়নে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠায় প্রয়োজনীয় আইনি ও কাঠামোগত সংস্কার, বিচার বিভাগের জন্য স্বতন্ত্র ও পর্যাপ্ত বাজেট বরাদ্দকরণ, অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদায়নে স্বচ্ছতা নিশ্চিতকরণসহ বিচার বিভাগে মেধার চর্চার উন্মেষের লক্ষ্যে উচ্চ আদালতের বিচারক নিয়োগে উন্নত দেশগুলোর মতো সুনির্দিষ্ট আইনপ্রণয়নের লক্ষ্যে প্রধান বিচারপতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।

এরই অংশ হিসেবে গত ২৭ অক্টোবর বিচার বিভাগীয় সচিবালয় গঠন-সংক্রান্ত প্রস্তাব আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই প্রস্তাবে বাংলাদেশের সংবিধানের ১০৯ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে হাইকোর্ট বিভাগ কর্তৃক অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ যথাযথরূপে পালনের উদ্দেশ্যে একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অধ্যাদেশের খসড়া, প্রস্তাবিত সচিবালয়ের অর্গানোগ্রাম এবং রুলস অব বিজনেস ও অ্যালোকেশন অব বিজনেসের সম্ভাব্য সংস্কার সম্পর্কে পরিপূর্ণ প্রস্তাব পাঠানো হয়। পরে গত ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির তিনজন কর্মকর্তা আইন ও বিচার বিভাগের সচিবের কক্ষে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রস্তাবিত বিচার বিভাগীয় সচিবালয়ের বিভিন্ন কৌশলগত বিষয় সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এর ফলে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের বিষয়টি আবার বেগবান হয়। বর্তমানে বিচার বিভাগীয় সচিবালয় তৈরির বিষয়টি আইন মন্ত্রণালয়ে সক্রিয়ভাবে প্রক্রিয়াধীন রয়েছে। আশা করা যায়, অচিরেই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় স্থাপনের বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপগুলো দৃশ্যমান হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠিত হলে অধস্তন আদালতের বিচারকদের পদায়ন, বদলি, পদোন্নতি, শৃঙ্খলা, ছুটি ইত্যাদি বিষয়ে প্রচলিত দ্বৈত শাসনের অবসান ঘটবে এবং বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হবে। এতে আরও বলা হয়, গত ২১ সেপ্টেম্বর ঘোষিত রোডম্যাপের (প্রধান বিচারপতি কর্তৃক) ধারাবাহিকতায় ইতিমধ্যে দেশের উচ্চ আদালতের বিচারক নিয়োগে সুনির্দিষ্ট আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে। প্রতিবেশী দেশগুলোসহ বিশ্বের উন্নত দেশগুলোয় উচ্চ আদালতের বিচারক নিয়োগে যেসব প্রক্রিয়া অনুসৃত হয়, তা গভীরভাবে বিশ্লেষণ করে এ-সংক্রান্ত একটি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের মতামত নেওয়া হয়। ১৫টি মতামত পাওয়া যায়। সেই মতামতের আলোকে সুপ্রিম কোর্টের সুপারিশ গত ২৮ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়। সুপ্রিম কোর্টের এই প্রস্তাবে উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য একটি ‘জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠনের প্রস্তাব রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত