ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৭:০৯ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় বিসিক শিল্পনগরীর একটি কারখানার পরিত্যক্ত পণ্য কেনা নিয়ে বিএনপির দুই নেতা সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের কয়েকটি বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নন্দনপুরে বিসিক শিল্পনগরীর ডেকো ফুড নামে একটি বিস্কুট তৈরির কারখানায় বিস্কুটের গুঁড়াসহ পরিত্যক্ত মালামাল নিলামে বিক্রির কথা ছিল। এসব পণ্য কেনা নিয়ে বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন ও সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির খন্দকারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে হারুন ও নাছির খন্দকারের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত