টাঙ্গাইলের ভূঞাপুরে ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন ও সভাপতির পদকে কেন্দ্র করে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগ উঠেছে। কৃষক দলের সভাপতি প্রার্থী ও বিএনপির কর্মী আরিফুল ইসলাম তার ওপর হামলা চালিয়েছেন বলছেন ওই যুবদল নেতা।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত আরিফুল ও তার লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
আহত আব্দুল আলীম উপজেলার ফলদা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও মাইজবাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে।
আহত আব্দুল আলীম বলেন, গতকাল বিকেলে ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠনের দিন নির্ধারিত ছিল। কমিটি ও সভাপতির পদ নিয়ে এলাকায় আলোচনা চলছিল। কমিটি নিয়ে সকালে স্থানীয়দের সঙ্গে কথা বলি। এ সময় নেতাকর্মীদের আহ্বান জানানো হয়, যারা আওয়ামী লীগের দালালি করেছে সেসব সুবিধাবাদীদের যাতে কোনোভাবেই দলের কোনো পদে না রাখা হয় সেটা নিশ্চিত করার জন্য। এতেই তার সঙ্গে তর্কবিতর্ক হয়।
তিনি আরও বলেন, পরে ক্ষিপ্ত হয়ে ওয়ার্ড কৃষক দলের সভাপতি প্রার্থী আরিফুল ইসলাম তার লোকজন নিয়ে এসে আমার ওপর হামলা করে। আমাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযুক্ত আরিফুল ইসলাম বলেন, স্থানীয় নেতাকর্মীরা আমাকে কৃষক দলের সভাপতি পদে সম্মতি দিয়েছিল। কিন্তু আব্দুল আলীম সেটা চাননি। পরে আলীম আমার সম্পর্কে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে বাড়িঘর ভেঙে এলাকা থেকে বিতারিত করার কথা বলেন।
তিনি আরও বলেন, একপর্যায়ে আলীম মোটরসাইকেল থেকে নেমে আমার ওপর হামলা করে। পরে প্রাণরক্ষার্থে আমিও হাতে থাকা মোবাইল দিয়ে আঘাত করি। পরে আলীমের লোকজন আমার বাড়িতে হামলা চালায়।
উপজেলা কৃষক দলের আহবায়ক নাজিমুল ইসলাম জানান, ঘটনাটির বিষয়ে দুইপক্ষ নিয়ে আলোচনায় বসে সমাধান করা হবে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।
উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস বলেন, বিষয়টি জেনেছি। উভয়পক্ষের লোকজন এসেছিল। সমাধানের চেষ্টা চলছে।
