স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা নতুন বছরের শুরুতেই বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। স্পেনের হয়ে ২০২৪ ইউরো জেতা ফুটবলার দানি ওলমোকে চলতি মৌসুমের শেষ পর্যন্ত নিবন্ধনের জন্য বার্সেলোনার করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত। প্রয়োজনীয় পূর্বশর্ত পূরণ করা হয়নি বলে ওলমোর নিবন্ধন প্রত্যাখ্যান করেছে আদালত। লা লিগার আর্থিক নিয়ম মেনে ওলমোর নিবন্ধন নিশ্চিত করতে পারছে না কাতালান ক্লাবটি। তবে আশা ছাড়ছে না বার্সেলোনা।
২০২৪ সালের গ্রীষ্মে আরবি লিপজিগ থেকে প্রায় ৬০ মিলিয়ন ইউরো ট্রান্সফারে বার্সায় যোগ দেন ওলমো। তবে ক্লাবের আর্থিক দুরবস্থার কারণে শুরুতে তাকে লা লিগায় নিবন্ধন করাতে পারছিল না কাতালান ক্লাবটি। পরে আন্দ্রে ক্রিস্টেনসেন চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য ছিটকে পড়লে ৩১ ডিসেম্বর পর্যন্ত ওলমোর অস্থায়ী নিবন্ধনের অনুমতি দেওয়া হয়। ওলমোর স্থায়ী নিবন্ধনের বিষয়ে লা লিগা জানায়, ‘৩১ ডিসেম্বর পর্যন্ত বার্সেলোনা কোনো বিকল্প ব্যবস্থা উপস্থাপন করতে পারেনি যা জানুয়ারি থেকে খেলোয়াড় নিবন্ধনের জন্য প্রয়োজনীয় আর্থিক নীতিমালা মেনে চলে।’
বার্সেলোনা জানিয়েছে দানি ওলমো এবং আরেক ফরোয়ার্ড পাউ ভিক্টরের জন্য রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে নতুন লাইসেন্সের আবেদন জানানো হয়েছে। তবে, আরএফইএফের নিয়ম অনুযায়ী, একই মৌসুমে একাধিকবার একই দলে নিবন্ধন সম্ভব নয়। বার্সেলোনা জানিয়েছে, তারা ৩ জানুয়ারি আরও বিস্তারিত তথ্য আরএফইএফকে দেবে এবং পরিস্থিতি পরিষ্কার করার চেষ্টা করবে। তবে আরএফইএফ সূত্র জানিয়েছে, লা লিগার অনুমোদন ছাড়া কোনো লাইসেন্স প্রক্রিয়া করা সম্ভব নয়।
ওলমো নিজেও চান ক্লাবে থাকতে। এদিকে ওলমোর চুক্তিতে একটি শর্ত আছে আর সেটি হলোÑ মৌসুমের দ্বিতীয়ার্ধে নিবন্ধন না হলে তিনি বিনামূল্যে ক্লাব ছাড়তে পারবেন। গুঞ্জন আছে ইংল্যান্ড ও জার্মানির বেশ কয়েকটি ক্লাব জানুয়ারিতে ওলমোকে দলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে ওলমোর এজেন্ট অ্যান্ডি বারা বলেন, ‘দানি বার্সেলোনায় খেলতে চান। অন্য কোনো বিকল্প বিবেচনা করা হচ্ছে না।’
বার্সেলোনা লা লিগার আর্থিক নিয়ম মেনে নিবন্ধন নিশ্চিত করার জন্য পরিকল্পনা করেছিল। তার মধ্যে একটি ছিল স্পটিফাই ক্যাম্প ন্যু (বার্সেলোনার মাঠ) ভিআইপি বক্স এবং আসন বিক্রির মাধ্যমে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর চুক্তি সম্পন্ন করার চেষ্টা। তবে, লা লিগা বলছে, হয় প্রমাণপত্রে ত্রুটি ছিল, নতুবা অর্থ প্রদান নিশ্চিত হয়নি। তাই আপাতত ওলমো ও ভিক্টরের নিবন্ধন অনিশ্চিত। ৩ জানুয়ারির সিদ্ধান্তে ওলমোর ভবিষ্যৎ কোন পথে যায় সেটিই দেখার।
