সাবেক এমপি মোস্তাফিজুর স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৭:২৫ এএম

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী  শাহিন আকতার চৌধুরী ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার নির্দেশ দিয়েছে আদালত। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তার  স্ত্রী শারমিন আক্তারসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

সাবেক এমপি মোস্তাফিজুর ও তার স্ত্রীর তিন ব্যাংকের চারটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আবেদন করেন দুদকের পক্ষে অনুসন্ধান টিমের প্রধান উপপরিচালক মর্তুজা আল মামুন। আবেদনে বলা হয়,  গোপন সূত্রে জানা যায়, সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহিন আকতার চৌধুরী পলাতক অবস্থায় তাদের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন এবং স্থানান্তর করার পরিকল্পনা করছেন। তাদের নিজ নিজ নামে অর্জিত জ্ঞাত-আয়বহির্ভূত অস্থাবর সম্পদ যাতে উত্তোলন, স্থানান্তর হস্তান্তর করতে না পারে এজন্য তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

ফারুক ও তার স্ত্রী বিদেশ গমনে নিষেধাজ্ঞা আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত