কালভার্টে গেট বানিয়ে বন্ধ করা হলো রাস্তা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম

হবিগঞ্জের মাধবপুরে কালভার্টের ওপর লোহার গেট বানিয়ে সরকারি রাস্তা দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। উপজেলার আন্দিউরা গ্রামের মধ্যপাড়া মহল্লার রিনা বেগম (৪০) নামে এক নারীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। সরকারি রাস্তায় এমন প্রতিবন্ধকতা তৈরির প্রতিবাদ ও লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা পাচ্ছেন না স্থানীয়রা। এলাকাবাসীর পক্ষে শেখ মোহাম্মদ ফখরুল ইসলাম সোহেল মাধবপুরের ইউএনওর কাছে আবেদন করেও পাননি কোনো সমাধান।

জানা যায়, উপজেলার আন্দিউরা গ্রামের মধ্যপাড়া মহল্লার সরকারি রাস্তাটি দিয়ে ওই গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে। সরকারিভাবে সেখানে একটি কালভার্টও নির্মাণ করা হয়েছে। রিনা বেগম স্বত্ব মামলার অজুহাত দেখিয়ে দীর্ঘদিন ধরে রাস্তাটি দখল করে আসছেন। কিন্তু কয়েক মাস আগে তিনি কালভার্টটির ওপর একটি গেট তৈরি করেছেন। এতে স্থানীয় হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। কেউ প্রতিবাদ করলে হামলা-মামলার স্বীকার হচ্ছেন। শুধু তাই নয়, স্থানীয় ভূমি অফিস রাস্তা দখলের জন্যে রিনা বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করলেও এ পর্যন্ত কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।

অভিযোগকারী শেখ মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘রিনা বেগমের নামে অসামাজিক কর্মকা-ের অভিযোগ রয়েছে। কীভাবে রিনা বেগম সরকারি রাস্তায় বেড়া দিতে পারেন, তা আমার বোধগম্য নয়। দেশের সব আইন যেন তার হাতেই। এ নিয়ে একাধিকবার অভিযোগ করেছি, কিন্তু কোনো ফল পাইনি। আমরা এর দ্রুত প্রতিকার চাই।’

এ ব্যাপারে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও রিনা বেগমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল চৌধুরী বলেন, ‘ওই নারী কারও কথা শোনেন না। বেআইনিভাবে তিনি রাস্তা বন্ধ করে দিয়েছেন। আমরাও চাই এর একটি সুষ্ঠু সমাধান হোক।’

মাধবপুর ইউএনও জাহিদ বিন কাশেম বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। বিষয়টা নিয়ে অনেক আগ থেকেই বিরোধ চলে আসছিল। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত