২০০৭ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দায়ের হওয়া চারটি মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। দুই মাসের বেশি সময় আগে হাইকোর্টের দেওয়া এ রায়ের বিরুদ্ধে সম্প্রতি এ আবেদন করা হয় বলে গতকাল শনিবার দেশ রূপান্তরকে নিশ্চিত করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।
অনিক আর হক বলেন, ‘হাইকোর্টের রায় বাতিল চেয়ে আবেদন করা হয়েছে। আগামীকাল (আজ) এ বিষয়ে শুনানি হবে।’ রাষ্ট্রপক্ষের আপিলটি আজ রবিবার আপিল বিভাগের কার্যতালিকায় শুনানির জন্য রয়েছে।
আইনজীবীদের তথ্য অনুযায়ী, ২০০৭ সালের ২৭ মার্চ রাজধানীর গুলশান থানায় তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা হয়। এতে তার বিরুদ্ধে ১ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ করে মামলাটি করেন রেজা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আফতাব উদ্দিন। একই বছরের ৪ মে এসিএলআরসিএলের প্রজেক্ট কো-অর্ডিনেটর সৈয়দ আবু শাহেদ সোহেল বাদী হয়ে একই থানায় একটি মামলা করেন। ওই বছরের ৮ মার্চ তারেক রহমানের বিরুদ্ধে ১ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ তুলে গুলশান থানায় আরেকটি মামলা করেন আমিন আহমেদ নামে এক ব্যক্তি। একই বছরের ১ এপ্রিল ধানমন্ডি থানায় তারেক রহমানের বিরুদ্ধে ৫৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একটি মামলা করেন মীর জহির হোসেন নামে এক ব্যক্তি।
২০০৮ সালে তারেক রহমানের আবেদনে মামলাগুলো স্থগিত করে রুল দেন হাইকোর্ট। রুলের ওপর শুনানি নিয়ে আদালত গত বছরের ২৩ অক্টোবর রুল মঞ্জুর করে মামলার কার্যক্রম বাতিলের আদেশ দেয়। বিএনপির আইনজীবীদের আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
