মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আটক ৭ 

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪ পিএম

মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের সঙ্গে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করে।

রবিবার (৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন শ্রেণির সেমিস্টার পরীক্ষায় ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী অংশ নেন। দুপুর ১টার দিকে পরীক্ষা শেষ হলে ছাত্রলীগ কর্মীদের ওপর ক্ষুব্ধ হয় ছাত্রদলসহ সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ ও ছাত্রদল কর্মী আল আমিন মধ্যে কথা কাটাকাটি হলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ছাত্রলীগ কর্মীদের পক্ষে স্থানীয় বহিরাগতরা পলিটেকনিক ক্যাম্পাসে ছুটে যায়। একপর্যায়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে উভয় পক্ষের কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহত ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ বলেন, ‘আমি এক সময় ছাত্রলীগ নেতাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। তবে আমি কোনো পদে নেই। পরীক্ষায় অংশ নিতে এলে আমাকে তুলে নিয়ে মারধর করে ছাত্রদল নেতাকর্মীরা। 

আহত ছাত্রদল কর্মী আল আমিন রক বলেন, বহিরাগত লোক নিয়ে ছাত্রলীগ কর্মীরা আমাদের এক সহপাঠীদের ওপর হামলা করে। পরে আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের সাথে সংঘর্ষ বেধে যায়। 

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত