ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩০ পিএম

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পরীক্ষা দিতে এসে ছাত্রদল নেতা-কর্মীদের হাতে আটক হয়েছে। পরে তাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের পুলিশ লাইন এলাকায় শনিবার (৪ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার হওয়া পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমিত সরকার (২২) গাজীপুরের কালীগঞ্জ এলাকার রাজকুমার সরকারের ছেলে। তিনি নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার বিভাগের ৮ম সেমিস্টারের শিক্ষার্থী। তিনি নরসিংদী সদরের দগরিয়া এলাকার একটি মেসে থেকে পড়াশোনা করেন।

রবিবার (৫ জানুয়ারি)  নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ নিহার রঞ্জন দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরীক্ষা শেষে কোনো একজন ছাত্রলীগ নেতাকে পুলিশ ধরে নিয়ে গেছে শুনেছি। তারই ২০-২৫ জন সহপাঠী এসে আমাকে ঘটনাটি জানায়। পরে আমি পুলিশকে ফোন করলে তারা জানান বিষয়টি রাজনৈতিক।’ তবে মারধর করে পুলিশে দেওয়ার বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘তাকে মারধর করার ঘটনা ঘটেছে কি না আমি নিশ্চিত নই, ঘটেও থাকতে পারে। তবে তার সহপাঠীদের বরাতে জানলাম ছেলেটি রাজনীতি করলেও অত্যন্ত নম্র, ভদ্র। কোনোরুপ অশুভ কাজে জড়িত ছিল না। ঘটনাটি আমার খারাপ লেগেছে। এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছে সকলেই আমার শিক্ষার্থী। তবে আজকে তার শেষ পরীক্ষা ছিল বলে পরীক্ষার কোনো ক্ষতি হবে না।’ 

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আটককৃত সুমিত গত ২ জানুয়ারি ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করে ছিলেন। পুলিশ লাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে। ছাত্রদল নেতা-কর্মীরা মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে, বিষয়টি এমন নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত