সঞ্চয়পত্র কেনায় জুলাই শহীদ পরিবারের কর ছাড়

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৩৭ এএম

ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে জুলাই বিপ্লবে দেশের ছাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ আন্দোলনে অনেকে শহীদ হয়েছে। এবার শহীদ পরিবারের পাশে দাঁড়াতে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানোয় ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে সরকারের দেওয়া অর্থ দিয়ে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে কর ছাড় দিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

গতকাল রবিবার এনবিআরের এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা যায়। এর আগে গত আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের অবসান হয়। শত শত মানুষ এ আন্দোলনে প্রাণ হারান, আহত হন অনেকেই।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের ৮২৬ জনকে সরকার অর্থসহায়তা দিয়েছে। এ অর্থ দিয়ে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র উপস্থাপন থেকে অব্যাহতি দেওয়া হলো। ২০২৩ সালের আয়কর আইনের ২৬৪ ধারার ৪ নম্বর উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এনবিআর এ ছাড় দিয়েছে।

এর আগে গেল বছরের ডিসেম্বরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহের কনসার্ট আয়োজন করা হয়েছে। কনসার্টটি আয়োজনের ক্ষেত্রে সব ধরনের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক (টিকিট ও ভেন্যু) অব্যাহতি দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ছাড়া কনসার্ট করার ক্ষেত্রে কোনো অর্থও নেননি প্রখ্যাত শিল্পী রাহাত ফাতেহ আলী খান।

বর্তমান সময়ে বাজারে চার ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে। এগুলো হলো পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ও তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। এ ছাড়া ডাকঘরেও সঞ্চয়ের ব্যবস্থা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত