ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল নেতাকর্মীরা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৪৫ এএম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। গত শনিবার বিকেলে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে। আটক ছাত্রলীগ নেতা পরীক্ষা দিতে এসেছিলেন বলে জানা যায়। আটক সুমিত সরকার (২২) পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও গাজীপুরের কালীগঞ্জ এলাকার রাজকুমার সরকারের ছেলে। তিনি কম্পিউটার বিভাগের অষ্টম পর্বের শিক্ষার্থী।

গতকাল রবিবার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ নিহার রঞ্জন দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরীক্ষা শেষে কোনো একজন ছাত্রলীগ নেতাকে পুলিশ ধরে নিয়ে গেছে শুনেছি। তারই সহপাঠীরা এসে আমাকে ঘটনাটি জানায়। পরে আমি পুলিশকে ফোন করলে তারা জানান বিষয়টি রাজনৈতিক। তবে আজকে (গতকাল) তার শেষ পরীক্ষা ছিল বলে পরীক্ষার কোনো ক্ষতি হবে না।’ নরসিংদী সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আটককৃত সুমিত গত ২ জানুয়ারি ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করেছিলেন। পুলিশ লাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত