ঢাবিতে ঘুমন্ত শিক্ষার্থীর ওপর খসে পড়ল পলেস্তারা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৩:৩৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের মূল ভবনের ২০৪ নম্বর রুমের ছাদের পলেস্তারা খসে পড়েছে ঘুমন্ত এক শিক্ষার্থীর ওপর। এতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা আহত হয়েছেন। গত সোমবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে সিটি স্ক্যান করানো হয়।

আহতের রুমমেট ও বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষার্থী ফরহাদ জুবায়ের বলেন, ‘মাসুদ ভাই মশারি টাঙিয়ে ঘুমাচ্ছিলেন। রাত দেড়টার দিকে ছাদের পলেস্তারা খসে পড়ে তার মাথা ফেটে যায়। পরে তাকে ঢামেকে নিয়ে সিটি স্ক্যান করানো হয়। রিপোর্ট দেখে ডাক্তার বলেছেন যে তিনি এখন আশঙ্কামুক্ত।’ তিনি আরও বলেন, ‘ছাদের পলেস্তারা খসে পড়ার বিষয়ে অনেকবার জানানো হলেও হল প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

এ ঘটনায় হলের আবাসিক শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার উপাচার্যের ভবনের সামনে মিছিল ও বিক্ষোভ করেছেন। এ সময় শিক্ষার্থীরা তিন দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলোÑ অবিলম্বে হাজী মুহম্মদ মুহসীন হলে নতুন ভবন তৈরির ব্যবস্থা করতে হবে। আগামী ৭ দিনের মধ্যে সুস্পষ্ট সময়সীমাসহ এ সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি দিতে হবে এবং আগামী ১ মাসের মধ্যে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করতে হবে; নতুন ভবন হওয়ার আগ পর্যন্ত হলে শিক্ষার্থী অ্যালটমেন্ট কমিয়ে দিতে হবে; নতুন ভবন হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। শিক্ষার্থীরা মুহসীন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে দাবিগুলো তুলে ধরেন। পরে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানকে স্মারকলিপিও দেন তারা। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক সায়মা হক বিদিশাকে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, ‘আমি নতুন প্রাধ্যক্ষ হয়েছি। আমি আমার জায়গা থেকে হলের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার চেষ্টা করছি, শিক্ষার্থীরাও আমাকে সহযোগিতা করছেন।’

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত