টাঙ্গাইলের মির্জাপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিনিয়র সেলস মেডিকেল অফিসার গুল রায়হানকে (৩৮) কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত সোমবার রাতে হামলার সঙ্গে জড়িত সোলায়মান হোসেনসহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে মির্জাপুর থানায় মামলা করা হয়েছে। আহত গুল রায়হান রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
জানা গেছে, গুল রায়হান উপজেলা সদরের বাইমহাটি ছাপড়া মসজিদসংলগ্ন আতোয়ার রহমানের বাড়ির পাঁচতলায় পরিবার নিয়ে বসবাস করেন। একই বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন টাঙ্গাইল সদরের করটিয়া বেপারিপাড়ার আজাহার হোসেনের ছেলে সোলায়মান হোসেন (৩০)।
মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশী সোলায়মান প্রায়ই তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। বিষয়টি প্রতিবেশী ভাড়াটিয়ারা বাড়ির মালিককে জানান। এতে বাড়ির মালিক সোলায়মানকে বাড়ি ছাড়ার তাগিদ দিলে গত ৩১ ডিসেম্বর তিনি অন্যত্র চলে যান। বাড়ি ছাড়ার বিষয়ে গুল রায়হানের হাত রয়েছে সন্দেহে গত ২ জানুয়ারি দুপুরে ফোন করে সোলায়মান তাকে ডেকে নেন। পরে সোলায়মান ও তার এক সহযোগী মিলে গুল রায়হানের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে গুল রায়হানের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করেন।
