চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের মেন্টর ইউনিস খান

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম

পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং অভিজ্ঞ ব্যাটার ইউনিস খানকে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এ বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন বোর্ডের মুখপাত্র সাঈদ নাসিম সাদাত।

পাকিস্তানের হয়ে ১০ হাজার ৯৯ টেস্ট রান করা ইউনিস খান এর আগে ২০২২ সালে আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পেশাওয়ার জালমি ও আবুধাবি টি-টেন লিগে বাঙলা টাইগার্সের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন।

এ বিষয়ে সাদাত বলেন, 'চ্যাম্পিয়নস ট্রফির জন্য অভিজ্ঞ ইউনিস খানকে মেন্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি টুর্নামেন্ট শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন।'

২০০৯ সালে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে ইতিহাস গড়া ইউনিস খান এবার আফগানিস্তানের ক্রিকেটারদের মেন্টর হিসেবে কাজ করবেন। তার নেতৃত্ব ও পরামর্শ আফগান দলকে চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় মঞ্চে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে ধারণা করা হচ্ছে।

ইউনিসের নিয়োগে আফগানিস্তানের দলের পারফরম্যান্সে কী প্রভাব পড়ে, তা দেখার জন্য এখন অপেক্ষা ক্রিকেট বিশ্বের। এর আগে, ২০২৩ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপের সময় অজয় জাদেজাকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছিল আফগানিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত