মুন্সীগঞ্জে ঘরে ঢুকে ইমামকে কুপিয়ে জখম

ছুরিকাঘাতে দুই যুবক আহত

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১২:৫৩ এএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে গেটের তালা ভেঙে ঘরে ঢুকে মসজিদের ইমামকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার সোনারং গ্রামে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার আইটশাহী ইউনিয়নের তাল গাছতলা জামে মসিজদের ইমাম মেজবাহ উদ্দিন (৪২)। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

মেজবাহ উদ্দিন জানান, রাত ৩টার দিকে দুজন দুর্বৃত্ত বাসভবনের কলাপসিবল গেটের তালা ভাঙলে তার ঘুম ভেঙে যায়। পরে দুর্বৃত্তরা দরজা ভেঙে শোয়ার ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তখন তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। দুর্বৃত্তরা মুখোশ পরে থাকায় তিনি তাদের চিনতে পারেননি।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) আ ন ম ইমরান খান বলেন, ‘দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে একই রাতে জেলার সিরাজদীখানে প্রতিপক্ষের হামলায় দুই যুবক ছুরিকাহত হয়েছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর চৌরাস্তায় এ ঘটনা ঘটে। মাদক কারবার নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ ওই দুই যুবককে ছুরিকাঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে।

ছুরিকাহত অবস্থায় মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামের মো. রিয়াদ (২৫) ও আজমির হোসেন রাজাকে (১৯) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালখানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য স্বপন খান বলেন, ছুরিকাহত দুই যুবকই মাদক কারবারের সঙ্গে জড়িত। রাতে মালখানগর চৌরাস্তায় গেলে মাদক কারবার নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ হামলা চালিয়ে তাদের ছুরিকাঘাত করে।

সিরাজদীখান-শ্রীনগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) আ ন ম ইমরান খান বলেন, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। দুই যুবক আহত থাকায় হামলার সঙ্গে জড়িতদের সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তাদের পরিবার এখনো অভিযোগ করেনি। তবে পুলিশের তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত