গুরু পাপে লঘু দন্ড ভিনির

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১২:৫৫ এএম

জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে মায়োর্কার বিপক্ষে আজ রাতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গত আসরের ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলে গুঁড়িয়ে শিরোপা জিতেছিল রিয়াল। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল কোচ কার্লো আনচেলত্তির জন্য সুখবর। দলের আক্রমণভাগের এই অগ্রসেনাকে সুপার কাপে খেলাতে পারবেন তিনি। রিয়ালের আপিলের পরিপ্রেক্ষিতে ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা শুধু লা লিগার ম্যাচেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

লা লিগার ম্যাচে গত শুক্রবার ভ্যালেন্সিয়া গোলকিপার স্তোল দিমিত্রিয়েভস্কির মাথায় আঘাত করায় তাকে ভিনিসিয়ুসকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। যদিও অপরাধের তুলনায় ভিনির সাজা কম হয়েছে বলেই মনে করা হচ্ছিল। এই নিষেধাজ্ঞা শুধু মাত্র লা লিগায় বহাল থাকায় সুপার কাপে মায়োর্কার বিপক্ষে খেলতে কোনো বাধা নেই তার।

কোপা দেল রে’র রানার্স আপ হওয়ার সুবাদে এবারই প্রথম সুপার কাপে জায়গা করে নিয়েছে মায়োর্কা। এসেই তাদের পড়তে হয়েছে রিয়ালের মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে। ডিসেম্বরে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতা রিয়াল রয়েছে দারুণ ছন্দে। ভিনির লাল কার্ডের পরও ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে। বছরের শেষ ম্যাচে তারা ৪-২ গোলে বিধ্বস্ত করেছে সেভিয়াকে। এরপর কোপা দেল রে’র শেষ ষোলোয় ওঠার পথে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে দেপোর্তিভো মিনেরাকে। টানা ৭ ম্যাচ ধরে অপরাজিত আছেন আনচেলত্তির শিষ্যরা। অন্যদিকে শেষ ৫ ম্যাচের ৩টিতেই হারের স্বাদ পেয়েছে মায়োর্কা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত