৭২ বছর বয়সী মুক্তিযোদ্ধা গ্রেপ্তার এজাহারে বয়স ৩২

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:০৯ এএম

টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় বীর মুক্তিযোদ্ধা আইয়ুব খানকে (৭২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার নলুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সখীপুর থানার পুলিশ। তবে মামলার ১৩৫ নম্বর আসামি হিসেবে আইয়ুব খানের নাম থাকলেও সেখানে বয়স দেখানো হয়েছে ৩২ বছর। বাবার নামের জায়গায়ও লেখা অজ্ঞাত। মুক্তিযোদ্ধা আইয়ুব খানের স্বজনদের অভিযোগ, মামলার আসামি না হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। 

মুক্তিযোদ্ধা আইয়ুব খান উপজেলার যাদবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৩ আগস্ট দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্রজনতা শৌখিন মোড় থেকে মিছিল নিয়ে সখীপুর পৌর শহরের তালতলা চত্বরে যায়। সেখানে আসামিরা আগে থেকেই পিস্তল, চাইনিজ কুড়াল, রামদা ও শাবল নিয়ে প্রস্তুত ছিলেন। পরে মিছিলটি সেখানে পৌঁছালে পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা করা হয়। এতে বেশ কয়েককজন শিক্ষার্থী আহত হন।

গত ২৬ আগস্ট রাতে সখীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোরর্শেদুল হক বাদী হয়ে ১৬৭ জনের বিরুদ্ধে সখীপুর থানায় মামলাটি করেন। মামলার এজাহারে ৩ আগস্ট পৌর শহরের তালতলা চত্বর ও উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে ওই মুক্তিযোদ্ধার এক স্বজন বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় যে আইয়ুব খানকে আসামি করা হয়েছে তিনি অন্য কেউ। কারণ, আইয়ুব খানের বয়স ৩২ বছর নয়। আর ওই দিন তিনি সখীপুরেই ছিলেন না। শুধু নামের মিল দেখে একজন মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার ও হয়রানি হচ্ছে। 

সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন বলেন, আসামি আইয়ুব খান যাদবপুর ইউনিয়নের একটি ওয়ার্ডের সাবেক সভাপতি। তদন্তে তাকেই পাওয়া গেছে। এজাহারে ভুলবশত বয়স ৭২-এর স্থলে ৩২ লেখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত