গুরুতর অসুস্থ হওয়া নিষিদ্ধ!

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:১৯ এএম

গ্রামের নাম বেলকাস্ত্রো। ইতালির দক্ষিণের ক্যালাব্রিয়া অঞ্চলে এর অবস্থান। দেশটির সবচেয়ে দরিদ্র গ্রামগুলোর একটি এই বেলকাস্ত্রো। দরিদ্র হলে কী হবে গ্রামের অধিবাসীর সংখ্যা প্রায় আড়াই হাজার। তাদের আবার অর্ধেকেরই বয়স ৬৫ বছরের বেশি। এসব প্রবীণদের কেউ হঠাৎ হাসপাতালে নেওয়ার মতো অসুস্থ হলে বাধে বিপত্তি। কেননা, গ্রামের জন্য নিয়োজিত চিকিৎসকদের চেম্বারও সব সময় খোলা থাকে না। আর সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য ছুটি ও নির্ধারিত সময়ের পর এটি বন্ধ থাকে। তখন কয়েক ঘণ্টা সময় নিয়ে যেতে হয় গ্রামটির ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত দুর্ঘটনা ও জরুরি সেবা (এঅ্যান্ডই) বিভাগে। কিন্তু বন্ধুর পথ পেরিয়ে বেলকাস্ত্রোর বাসিন্দাদের অনেকের পক্ষে সেখানে যাওয়া হয় না। চিকিৎসা সেবা না পেয়ে ধুঁকতে হয় প্রবীণ মানুষগুলোকে। এসব ভোগান্তির কথা আগে বহুবার

কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়। অগত্যা, ওই এলাকার মেয়র সম্প্রতি এক অদ্ভুত নির্দেশনা জারি করেছেন, যার কারণে বেলকাস্ত্রোবাসীর দুর্ভোগের কথা এখন বিশ্বের অনেক মানুষই জানে!

বিবিসি বলছে, স্থানীয় মেয়র আন্তোনিও তোরচিয়া বেলকাস্ত্রো গ্রামের মানুষদের উদ্দেশে একটি আদেশ জারি করেন। আদেশে বলা হয়, যেসব অসুস্থতায় জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন, সেসব অসুস্থতা এড়িয়ে চলার জন্য গ্রামের বাসিন্দাদের নির্দেশ দেওয়া হলো।

ওই আদেশের অংশ হিসেবে গ্রামের বাসিন্দাদের ক্ষতিকর হতে পারে এমন কাজে জড়িত না হতে ও গার্হস্থ্য দুর্ঘটনা এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘন ঘন বাড়ি থেকে বের না হওয়া, ভ্রমণ বা খেলাধুলা অনুশীলন না করার এবং (পরিবর্তে) বিশ্রাম নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নতুন নিয়মগুলো কীভাবে প্রয়োগ করা হবে, তা স্পষ্ট নয়।

অবশ্য বেলকাস্ত্রোর বাসিন্দারা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, মেয়র তোরচিয়া এই সমস্যাগুলোকে আরও বেশি সামনে নিয়ে আসার জন্য সঠিক কাজটি করেছেন। সিদ্ধান্তটি বিবেককে নাড়া দেবে। অবশ্য আরেক এক ব্যক্তি বলেছেন, তোরচিয়া একটি গুরুতর সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য উসকানিমূলক আদেশ ব্যবহার করেছেন।

মেয়র আন্তোনিও তোরচিয়াও বলেছেন, পদক্ষেপটি ‘স্পষ্টতই একটি হাস্যকর উসকানি। তবে বিবিসি বলছে, স্থানীয় স্বাস্থ্যসেবা-ব্যবস্থার ত্রুটিগুলো তুলে ধরতে তিনি আঞ্চলিক কর্তৃপক্ষকে যে জরুরি নোটিস পাঠিয়েছিলেন, তার চেয়ে এটির প্রভাব বেশি ছিল।

ইতালির একটি টেলিভিশনকে মেয়র বলেন, ‘তখন নিরাপদ বোধ করা কঠিন, যখন আপনি বুঝবেন যে সহায়তার প্রয়োজন হলে সময়মতো এঅ্যান্ডই বিভাগে পৌঁছানোই একমাত্র আশা।’ আর সেখানে যাওয়ার সড়কটি যেকোনো অসুখের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।

কম জনবহুল ক্যালাব্রিয়া ইতালির দরিদ্রতম অঞ্চলগুলোর একটি। রাজনৈতিক অব্যবস্থাপনা ও মাফিয়া হস্তক্ষেপ এখানকার স্বাস্থ্যসেবা-ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, যা প্রায় ১৫ বছর আগে কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রশাসনের অধীনে ছিল।

রোমের নিযুক্ত কমিশনাররা হাসপাতালগুলোর বিশাল ঋণের বোঝা সামাল দিতে হিমশিম খাচ্ছেন। এর অর্থ হলো, ক্যালাব্রিয়া অঞ্চলের মানুষের জন্য চিকিৎসাকর্মী ও হাসপাতালে শয্যার গুরুতর সংকটের অবসান খুব শিগগিরই হচ্ছে না। অঞ্চলটির ১৮টি হাসপাতাল ২০০৯ সালের পর থেকে বন্ধ। ফলে ক্যালাব্রিয়ার প্রায় অর্ধেক, অর্থাৎ প্রায় ২০ লাখ মানুষ অঞ্চলটির বাইরে গিয়ে চিকিৎসাসেবা নিতে চান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত