পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে অস্থায়ী আদালতে বিডিআর হত্যাকাণ্ডের শুনানি আজ হচ্ছে না। দুপুরে বিচারক ও আসামি পক্ষের আইনজীবীসহ পুড়ে যাওয়া এজলাস পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিডিআর) চিফ প্রসিকিউটর এডিশনাল অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার আলহাজ্ব মো. বোরহান উদ্দিন।
তিনি বলেন, আমরা বিচারক ও আসামি পক্ষের আইনজীবীসহ এজলাস কক্ষ পরিদর্শন করেছি। এখানে আদালত পরিচালনার মত অবস্থা নেই। বিচারক আমাদের দুই পক্ষকে আজকে ডেকেছেন। কবে এবং কোথায় আদালত বসবে তা এখনো নির্ধারণ হয়নি। আমরা কথা বলে পরবর্তী শুনানির সময় নির্ধারণ করবো।
ঢাকার আলিয়া মাদরাসা মাঠে পিলখানা বিডিআর হত্যা মামলার আদালত বসবে বলে বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছিল। তবে মাদরাসার মাঠ থেকে আদালত সরানোর দাবিতে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল থেকেই বকশিবাজার মোড়ে রাস্তায় অবস্থান নেন মাদরাসা শিক্ষার্থীরা৷ আদালাত সরানোর দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। পুড়িয়ে ফেলা হয়েছে বিচারকার্যের জন্য তৈরি করা আদালতের এজলাস।
এর আগে সকালে বিডিআর বিদ্রোহের মামলার বিচারকাজ বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদরাসায় অস্থায়ী আদালতে শুরু হবার কথা ছিল। কিন্তু মাদরাসা মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে রাত থেকেই আলিয়া মাদরাসা মাঠে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এমনকি এজলাস কক্ষে দেয়া হয় আগুন। পরে পুলিশের লালবাগ ডিসি ও সেনাবাহিনীর একটি ইউনিটের সাথে মাদরাসা মাঠে বৈঠকে বসেন আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা।
এক বছরে ৮৯ কি.মি রেলপথে ৮৫ জনের মৃত্যু