নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশানে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী যুবক কুমার দাস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সবুজ হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মহাশ্মশানে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
গ্রেপ্তার মো. সবুজ হোসেন নাটোর সদরের বড়হরিশপুর এলাকার মো. রমজান আলীর ছেলে।
পুলিশ সুপার জানান, অভিযুক্ত সবুজ মাদকসেবী। তিনি তার ৫ বন্ধুকে সাথে নিয়ে ঘটনার রাতে মহাশ্মশানের পাশে লেবু বাগান থেকে লেবু চুরি করতে আসেন। ওই দিন বিকেলে মহাশ্মশানে অনুষ্ঠিত একটি ধর্মীয় অনুষ্ঠানে সংগৃহীত টাকা মহাশ্মশানের ভান্ডারে থাকতে পারে ধারণা করে তারা ভান্ডার কক্ষে হানা দেয়। এ সময়ে সেখানে হত্যার শিকার কুমার দাস ঘটনা দেখে ফেলেছেন সন্দেহে অভিযুক্ত ব্যক্তিরা তার হাত-পা বেঁধে মুখে কাপড় গুজে দেয়। পরে কুমারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার পর দেশে আলোচনা শুরু হলে সবুজ বিদেশে পালিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরির চেষ্টা শুরু করে।
গতকাল চট্রগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সময় সবুজের সাথে থাকা অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী এবং নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান উপস্থিত ছিলেন।
প্রশাসনে ফ্যাসিস্টদের রেখে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে না: জামায়াত সেক্রেটারি
খাটের নিচে মিলল কলেজ শিক্ষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন