কুয়াকাটায় এক ট্রলারেই মিলেছে ১৯৫ মণ ইলিশ। কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ দিকে ৯০ কিলোমিটার গভীর সমুদ্রে এ ইলিশ ধরা পড়েছে। বঙ্গোপসাগরে জাল ফেলে এই মাছ ধরেছে এফ বি বিস্মিল্লাহ-১ নামের একটি ফিশিং ট্রলার। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয় ৪০ লাখ ১৪ হাজার টাকায়।
জানা গেছে, এফ.বি. বিসমিল্লাহ-১ নামের মাছ ধরা ট্রলারটি গত ৬ জানুয়ারি আলীপুর ঘাট থেকে ১৭জন জেলে নিয়ে সমুদ্রে ফিশিং করতে যায়। চার দিন সমুদ্রের বিভিন্ন এলাকায় জাল ফেলে মাছগুলো ধরা পড়েছে। ৬০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতিমণ ৪০ হাজার টাকা, ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতিমণ মাছ ২৫ হাজার টাকা এবং ছোট সাইজের প্রতি মণ মাছ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে।
ট্রলারের মাঝি একলাস গাজী বলেন, ‘গত রবিবার আলীপুর ঘাট থেকে ১৭ জন জেলে সমুদ্রে যাই। কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্রে জাল ফেলে মাছগুলো পেয়েছি।’
এফবি বিসমিল্লাহ-১ ট্রলারের মালিক খলিলুর রহমান খান জানান, অনেক দিন ধরে মাছ কম ধরা পড়ায় লোকসান গুণতে হচ্ছিল। এই মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারবো।
