কোথাও না কোথাও থেকে আব্বাও তৃপ্তির হাসিতে বলছেন, ‘ওয়েল ডান'

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:৫৪ পিএম

বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের নাম এক স্বর্ণযুগের স্মারক। কিন্তু শুক্রবার রাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানিয়ে ভক্ত-সমর্থকদের আবেগে ভাসিয়েছেন তিনি। ছোট ভাইয়ের এমন বিদায়ের মুহূর্তে বড় ভাই নাফিস ইকবালের পোস্ট যেন এক আবেগময় স্মৃতির ঝরনা বইয়ে দিল। 

নাফিস ইকবালের পোস্টে উঠে এসেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দল থেকে তামিমের বাদ পড়ার প্রসঙ্গ, যা তাদের পরিবারের জন্য ছিল অত্যন্ত কষ্টকর। নাফিস লিখেছেন, ‘২০২৩ বিশ্বকাপের আগে ওর সঙ্গে যা হয়েছে, এটা ওর জন্য ছিল প্রচণ্ড এক ধাক্কা। ওই সময় পুরো পরিবারকে দুঃসহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। কিছু মানুষ এসব জায়গা থেকে বের হতে পারে, কেউ পারে না। তামিম হয়তো পারেনি।’ 

নাফিস তামিমকে দেখেছেন নানা ভূমিকায়—একই দলে সতীর্থ হিসেবে, প্রতিপক্ষ দলের ক্রিকেটার হিসেবে এবং জাতীয় দলে ম্যানেজার-অধিনায়ক সম্পর্কেও। প্রতিপক্ষ হিসেবে তামিম কতটা আপসহীন ছিলেন, তা স্মরণ করে নাফিস লিখেছেন, ‘পোর্ট সিটি ক্রিকেট লিগে আমার বিপক্ষে খেলছিল তামিম। আমাকে প্রচণ্ড স্লেজিং করেছিল, যা দেখে আমি খুব বিব্রত হয়েছিলাম। তখনই বুঝেছিলাম, মাঠের লড়াইয়ে ওর কাছে দলের জয় সবার আগে।’ 

সতীর্থ তামিমকে স্মরণ করে নাফিস বলেছেন, ‘ঢাকা লিগে কিংবা জাতীয় লিগে তামিমের চেয়ে ভালো সতীর্থ আমি দেখিনি। ও সবসময় দলের জন্য নিজেকে উজাড় করে দিত।’ 

পরিবারে তামিমের ভূমিকা নিয়ে নাফিস লিখেছেন, ‘তামিম আমাদের পরিবারের সব বাচ্চাদের সুপারস্টার। সবাই তার ২৮ নম্বর জার্সি পরে খেলে। ও যেমন আমাদের আপনজন, তেমনি আমাদের সুপারস্টার।’ 

ছোট ভাই তামিমের প্রথমবার ব্যাট হাতে নেওয়া থেকে দেশের হয়ে অভিষেক ম্যাচ খেলার স্মৃতিচারণও করেছেন নাফিস। পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের জার্সিতে তামিমকে আর দেখব না, এখনো ঠিক বিশ্বাস করতে পারছি না। তামিম, তোমাকে আমরা ভালোবাসি এবং নিয়ে অসম্ভব গর্বিত। কোথাও না কোথাও থেকে আব্বাও তৃপ্তির হাসি দিয়ে বলছেন, ‘ওয়েল ডান।’’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত