রাজধানীতে প্রকাশ্যে দুই ব্যক্তিকে চাপাতি হাতে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। এসময় নিজেদের রক্ষায় চিৎকার করে আকুতি জানাচ্ছিলেন তারা। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।
হামলার শিকার দুই ব্যবসায়ী হলেন— এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহেদুল হাসান দীপু এবং ইপিএস কম্পিউটার সিটির (মাল্টিপ্লান) যুগ্ম সদস্য সচিব এহতেসামুল হক।
জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মার্কেট ও সমিতির নিয়ন্ত্রণে পরিবর্তন এসেছে, নতুন কমিটি হয়েছে। সেই কমিটির নেতৃত্বে রয়েছেন জেল থেকে মুক্তি পাওয়া পিচ্চি হেলালের ছোট ভাই ওয়াহেদুল হাসান দীপু। আর কমিটি গঠনকে কেন্দ্র করেই এ হামলা বলে মনে করছে অনেকে।
এদিকে দুই ব্যবসায়ী নেতার ওপর হামলায় বিচার চেয়ে শনিবার দুপুরে মার্কেট বন্ধ রেখে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন এলিফ্যান্ট রোডের কম্পিউটার ব্যবসায়ীরা। তারা মার্কেটের সামনের রাস্তায় জড়ো হয়ে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ ঘটনায় নিউমার্কেট থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী ওয়াহেদুল হাসান। তার অভিযোগ, গত ২২ ডিসেম্বর কিছু লোক এহতেশামুল হক ও তার কাছে চাঁদা দাবি করে। এ ঘটনায় মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির একজন সদস্য থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন। চাঁদা না দেওয়ায় এ হামলা হয়েছে বলে মনে করেন তিনি।
হামলায় ২০/২২ জনের মতো সন্ত্রাসী অংশ নেয়। তবে এসময় বেশ কয়েকজন হামলায় অংশ না নিয়ে দাঁড়িয়েছিল পকেটে হাত দিয়ে বলে জানান ব্যবসায়ী ওয়াহেদুল।
এ বিষয়ে নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দীন বলেন, আমরা তদন্ত শুরু করেছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের নজরদারির আওতায় আনার চেষ্টা করছি। এ ঘটনায় কিন্তু শনিবার রাত ৯টা পর্যন্ত থানায় মামলা হয়নি।
থানা থেকে আসামি ছিনতাই, বিএনপির ৩ কর্মী গ্রেপ্তার
‘ফিলিস্তিনিদের হত্যা করো’ বলা সেই হলিউড অভিনেতার বাড়ি দাবানলে ধ্বংস 