সাত দিনের মধ্যে বায়ুদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে দেওয়া ৯ নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। সংশ্লিষ্ট বিষয়ে সম্পূরক আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের আগামী ২৬ জানুয়ারি নির্দেশনা বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় ম-ল ও সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। অ্যাডভোকেট মনজিল মোরসেদ দেশ রূপান্তরকে বলেন, ঢাকার বায়ুদূষণ বন্ধে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে জনস্বার্থে ২০১৯ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়।
