বিপিএল চলাকালেই হয়ে গেল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। গতকাল সোমবার অনুষ্ঠিত এই ড্রাফটে বাংলাদেশ থেকে ৩৯ জন ক্রিকেটার নাম দিয়েছেন। সেখান থেকে দল পেয়েছেন চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়া লিটন দাস, তরুণ পেসার নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথম ডাকে নাহিদ ছাড়া অন্য কারও প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। গোল্ড বিভাগ থেকে ফর্মের তুঙ্গে থাকা তরুণ এই পেসারকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। এর মাধ্যমে প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেন নাহিদ রানা। গোল্ড বিভাগের পারিশ্রমিক ৫০ হাজার ডলার। এই দলে তিনি সতীর্থ হিসেবে পাবেন সতীর্থ হিসেবে বাবর আজম, সাইম আইয়ুবদের।
লাহোরের ফোর্টে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে সিলভার বিভাগের দ্বিতীয় রাউন্ডে দল পেয়েছেন গত রবিবার বিপিএলের দুর্দান্ত রাজশাহীর বিপক্ষে ৫৫ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলা লিটন। তারকা এই ব্যাটারকে দলে নিয়েছে করাচি কিংস। এই ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ হাজার ডলার। করাচিতে লিটনের সতীর্থ হিসেবে থাকছেন ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, মোহাম্মদ নবি, টিম সেইফার্ট, অ্যাডাম মিলনের মতো তারকারা। তবে দলটির অধিনায়ক শান মাসুদ জানিয়েছেন, সেইফার্টের ব্যাকআপ হিসেবেই লিটনকে দলে নেওয়া হয়েছে।
এই বিভাগ থেকেই দল পেয়েছেন রিশাদ। কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি, জিম-আফ্রো টি-টেন লিগ ও বিগ ব্যাশে ডাক পেয়েও খেলতে না পারা এই তরুণ লেগ স্পিনারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। রিশাদ সতীর্থ হিসেবে পাবেন শাহিন আফ্রিদি, হারিস রউফ, ফখর জামান, ড্যারিল মিচেল, সিকান্দার রাজা, কুশল পেরেরাদের। তবে প্লাটিনাম বিভাগে থাকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের প্রতি প্রথম ডাকে কোনো দল আগ্রহ দেখায়নি। এছাড়া দল পাননি নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, সাব্বির রহমান, তাসকিন আহমেদরাও।
