স্বামী হত্যা মামলা থেকে মুক্তি পেতে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জান্নাতুল ফেরদৌস নামে এক নারী। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জান্নাতুল ফেরদৌস বলেন, আমার স্বামী হাসান আহমেদ পপুলার লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। ২০২০ সালে হঠাৎ স্ট্রোক করে তিনি ঘরে পড়ে থাকেন। ওই সময় তিনি পপুলার লাইফ ইন্স্যুরেন্স থেকে পদত্যাগ করেন। এরপর হাসান আহমেদের ব্যক্তিগত ম্যানেজার বিদ্যুৎ ঘোষ ও ছোট ভাই কবির আহমেদ ও মুসা আহমেদ সব সম্পত্তি আত্মসাতের জন্য নানা চক্রান্ত করতে থাকেন। পরে ২০২২ সালে হাসান আহেমদ মৃত্যু হলে তারা আমাকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন।
ওই মামলায় আমি হাজিরা দিতে গেলে আদালত আমাকে জেলে পাঠায়। পরে পল্টন থানা মামলার তদন্ত করে আমাকে আসামি থেকে অব্যাহতি দেয়। কিন্তু বাদীপক্ষ নারাজি দেওয়ায় ডিবি তদন্ত করে আমার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে হাসান আহমেদের ভাই কবির আহমেদ বলেন, ‘আমার অসুস্থ ভাইয়ের অর্থ-সম্পত্তি গ্রাস করতে ভাবি জান্নাতুল ফেরদৌস পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছেন। জীবিত থাকাকালীন আমার ভাই তার স্ত্রীর দ্বারা নির্যাতিত হয়েছিলেন।’
