পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল সোমবার পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এমন আশ্বাস দেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যরা সেনা সদর দপ্তরে ওই সাক্ষাতের সময় তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। সেনাবাহিনী প্রধান এ তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় তদন্ত কমিশনের সদস্য মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, বীরপ্রতীক (অব.), যুগ্ম সচিব (অব.) মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ডিআইজি (অব.) ড. এম. আকবর আলী, ঢাকা বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন উপস্থিত ছিলেন।
