বিএনপি রাজত্বের রাজনীতি করে না: মজনু

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪১ পিএম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, বিএনপি কখনো রাজত্ব করার জন্য রাজনীতি করে না। জনগণের কল্যাণই আমাদের রাজনীতি। বিএনপি যদি রাজত্বের জন্য রাজনীতি করত তাহলে এরশাদসহ পতিত আওয়ামী স্বৈরশাসকের সাথে আপোষ করতে পারত। এ ধরনের প্রস্তাব প্রত্যাখান করে দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর কলাবাগান এলাকায় দুঃস্থ এবং শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

মজনু বলেন, জনগণের কল্যাণে রাজনীতি না করলে দেশে ফ্যাসিবাদ কায়েম হয়। আর ফ্যাসিবাদীদের পরিণতি হাসিনার মতই হবে। ‘২৪ আমাদের জন্য একটি উদাহরণ, এই উদাহরণ সকলকে মনে রাখতে হবে।

তিনি বলেন, বিগত প্রায় দেড় যুগ ধরে দেশে একটি ফ্যাসিবাদী সরকার সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। আজ এই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ আর্থ সামাজিক ও রাজনৈতিক সংস্কারের কথা ভাবতে হচ্ছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা আমাদের এই ধ্বংসস্তূপ থেকে মুক্তির পথ দেখাবে।

ঢাকা মহানগর দক্ষিণের কলাবাগান থানা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিএনপি নেত্রী রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন উর রশিদ হারুন, কলাবাগান থানার সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত