অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা ৩১ জানুয়ারির পরই

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:১২ এএম

অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ৩১ জানুয়ারির পর আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস  চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত রয়েছেন। এমতাবস্থায়, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত, কর্মরত ভিনদেশি নাগরিক যারা ইতিপূর্বে জারিকৃত সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী ৩১ জানুয়ারির মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জন করবেন না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এর আগে ৬ জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ বিষয়ে সতর্ক করেছিলেন। বলেছিলেন, ‘ভিসা না থাকা অবস্থায় ধরা পড়লে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত