দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎ বিভাগ নেসকো কর্তৃক জোর করে ও গোপনে প্রিপেইড মিটার লাগানোর প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সভা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পৌর শহরের নিমতলা মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এই প্রিপেইড মিটার লাগানোর ফলে গ্রাহকদের নানা ভোগান্তির কথা জনসম্মুখে প্রতীয়মান হচ্ছে। প্রিপেইড মিটারের প্রযুক্তিগত সমস্যা ও জনগণের ভোগান্তি হচ্ছে অনেক জায়গায়। তার সমাধান কীভাবে করা হবে, তা বিদ্যুৎ অফিস সাধারণ জনগণকে অবহিত না করেই বিভিন্ন পলিসি ও কূটকৌশল করে জোরপূর্বক প্রিপেইড মিটার লাগাতে গ্রাহকদের বাধ্য করছে। শোষণের জাঁতাকল প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ চলমান রয়েছে। সারা দেশের মতো আমরাও ফুলবাড়ীতে সাধারণ মানুষের পকেট কাটার মেশিন প্রিপেইড মিটার চাই না।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে তারা উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ তমালের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।
