দুদকের অভিযানে পাসপোর্ট অফিসের কর্মচারী আটক

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:১৭ এএম

ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মচারী (অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট) ফারুক আহমেদকে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরশহরের বাজারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, পাসপোর্টের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এক গ্রাহকের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন ফারুক আহমেদ। প্রথম কিস্তিতে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের একটি বিশেষ টিম তাকে আটক করে। ভুক্তভোগী ঘুষ চাওয়ার বিষয়টি জানালে এই অভিযান পরিচালনা করে দুদক।

দুদক কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপপরিচালক তাহসিন মুনাবীল হক বলেন, ‘নতুন কমিশনের প্রথম অভিযান এটি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি গোপন টিম সেই এলাকায় অবস্থান নিয়ে আমরা হাতেনাতে তাকে আটক করি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার ঘুষ গ্রহণের সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত