জ্যাকব ও শাহাব পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০২:৩০ এএম

সাবেক উপমন্ত্রী ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব, তার স্ত্রী নীলিমা নিগার সুলতানা, মেয়ে জুল জালালে আল ইসলাম জেনিক ও ছেলে আবরার তপন ইসলাম জেনিল এবং সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিনের ও তার ছেলে জাকির হোসেন জুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এসব আদেশ দেয়। দুদকের উপপরিচালক এস এম রাশেদুর রেজা পরিবারসহ জ্যাকবের দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন করেন।

আবেদনে বলা হয়, জ্যাকব ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক হাজার কোটি টাকা বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন। ২০২৪ সালের গত ১ অক্টোবর আবদুল্লাহ আল জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। অন্যদিকে, ছেলেসহ সাবেকমন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নাজমুল ইসলাম। দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত