৪৯৮ কোটি টাকায় ম্যান সিটিতে ১৯ বছরের ব্রাজিলিয়ান!

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:৪০ এএম

প্রিমিয়ার লিগে হারতে হারতে ম্যানচেস্টার সিটির অবস্থা করুণ। এর মাঝেই তারা পালমেইরাস থেকে নিয়ে আসছে ১৯ বছর বয়সী এক ব্রাজিলিয়ান সেন্টারব্যাককে। তার নাম ভিতর রেইস। বল দখলের লড়াই থেকে দুর্দান্ত পাসিং আর নেতৃত্বগুণের কারণে এই বয়সেই তিনি নজর কেড়েছেন। রেইসকে বিশ্ব ফুটবলের উদীয়মান তারকাদের একজন ভাবা হচ্ছে।

বিবিসি স্পোর্টস জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা শেষে ‘নতুন মারকিনিওস’ নামে পরিচিতি পাওয়া রেইসকে ছাড়তে রাজি হয়েছে পালমেইরাস। স্বাস্থ্য পরীক্ষা শেষে খুব দ্রুতই তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে সিটি। রেইসকে পেতে সিটিকে গুনতে হচ্ছে ৪ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৯৮ কোটি ৩৬ লাখ টাকা।

২০০৬ সালের ১২ জানুয়ারি ব্রাজিলের সাও পাওলোতে জন্ম রেইসের। ব্রাজিলের সাবেক সুপারস্টার রবিনহোর আর-১০ একাডেমিতে ফুটবলে হাতেখড়ির পর  ২০১৬ সালে পালমেইরাসের একাডেমিতে যোগ দেন রেইস। গত বছরের জুনে সুযোগ পান মূল দলে। তার সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি করেছে পালমেইরাস। তার আগেই অবশ্য ইউরোপিয়ান ফুটবলে ডাক পেলেন রেইস।

পালমেইরাসের হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলেছেন রেইস, যার ১৮টিতেই ছিলেন শুরুর একাদশে। ব্রাজিলের জাতীয় দলে এখনো ডাক পড়েনি। তবে অনূর্ধ্ব–১৬ ও অনূর্ধ্ব–১৭ দলের হয়ে ১৬টি ম্যাচ খেলেছেন। এই ব্রাজিলিয়ানকে পেতে উন্মুখ হয়ে ছিল রিয়াল মাদ্রিদও। কিন্তু দর কষাকষিতে এগিয়ে যায় সিটি। আগামী রবিবারের আগেই তিনি পেপ গার্দিওলার দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত