সাভার

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২ 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭ পিএম

সাভারে পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে ২ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ সময় তাদের সাথে থাকা আরও ৪ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলার ধামরাই থানার নবগ্রাম এলাকার আবু হানিফের ছেলে মোহব্বত (৩৭) ও একই জেলার আশুলিয়া থানার নয়ারহাট গ্রামের আওলাদ মিয়ার ছেলে মো. আলমগীর (৩৩)। তাদের কাছ থেকে ১টি মোবাইল, ১টি আইডি কার্ড, হোল্ডার যাহাতে চাবির রিং লাগানো, এক হাজার টাকা, ১টি মেক্সি গাড়ি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে সাভার মডেল থানাধীন আনন্দপুর দারুল উলুম মাদ্রাসার পেছনের মাঠে অজ্ঞাতনামা ৬ জন লোক একটি মেক্সি গাড়ি নিয়ে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মো. আসলাম শেখের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় চাঁদাবাজরা আসলাম শেখের কাছ থেকে নগদ ১ হাজার টাকা চাঁদা আদায় করে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অটল বিহারী বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ২ চাঁদাবাজকে হাতেনাতে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪ চাঁদাবাজ পালিয়ে গেছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অটল বিহারী বিশ্বাস বলেন, পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় গোপন সংবাদের ভিত্তিতে ২ চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।  তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা (নং -৩৮) দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পালিয়ে যাওয়া চাঁদাবাজদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত