হাজারীবাগের ফিনিক্স লেদার কমপ্লেক্সে আগুন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:২৬ এএম

রাজধানীর হাজারীবাগে ‘ফিনিক্স লেদার কমপ্লেক্স’ ভবনে অগ্নিকা- হয়েছে। অনেক পুরনো ভবনটি আগে থেকেই জরাজীর্ণ ছিল। এর আগে একাধিকবার ভবনটিকে অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা করে অগ্নিনির্বাপণ ব্যবস্থা বাড়াতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এর আগেও ভবনটিতে দুবার অগ্নিকান্ড হয়েছে। স্থানীয়রা জানায়, ২০২৩ সালে ভবনটিতে আগুন লেগেছিল। সে সময় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ২০১৪ সালেও ভবনটিতে আগুন লেগেছিল।

গতকাল শুক্রবার ২টা ১৪ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ২টা ২৩ মিনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের চারটি ফায়ার স্টেশন থেকে আসা ১১টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বিকেল পৌনে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৭টায় আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, হাজারীবাগের কাঁচাবাজার এলাকার ফিনিক্স লেদার কমপ্লেক্স ভবনে প্রথমে পাঁচতলায় আগুন লাগে। পরে আগুন ছয় ও সাত তলায় দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনটির ভেতরে ছোট ছোট ট্যানারি কারখানা রয়েছে প্রায় ৫০-৬০টি। এছাড়াও এই ভবনে পোশাক কারখানা, প্লাস্টিক কারখানা ও ফার্নিচারের কারখানা রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, ‘এই ভবনে ৫০-৬০টা ছোট ছোট কারখানা আছে। এসব কারখানায় চামড়ার জুতা, ব্যাগ, বেল্ট তৈরি করা হয়। ছুটির দিন হওয়ার সব কারখানা বন্ধ ছিল। দুপুরে জুমার নামাজের পর হঠাৎ আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে ভবনটির পাঁচতলায় আগুন লাগে। পরে চারতলা ও ছয়তলাতেও আগুন ছড়িয়ে পড়ে।’ আগুনে ভবনটিতে থাকা প্রায় ২৫টির বেশি কারখানা পুড়ে গেছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে হাজারীবাগ থানা পুলিশ, র‌্যাব, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তায় করেছে। তবে উৎসুক জনতার ভিড়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়েছে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

গতকাল বিকেলে ভবনের আগুন নিয়ন্ত্রণে আসার পর তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘হাজারীবাগের ফিনিক্স লেদার কমপ্লেক্স ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ভবনটিতে বেশির ভাগই দাহ্য পদার্থ ছিল। এ কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। তবে, এতে নিহত এবং আহতের কোনো ঘটনা ঘটেনি।

ভবনটি পুরনো বিল্ডিং হওয়ায় আগুন নেভাতে অনেকটা বেগ পেতে হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘এখানে আগুন নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা ছিল না। অগ্নিনির্বাপণব্যবস্থা বাড়াতে একাধিকবার এ ভবনটিকে অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা করে চিঠি দেওয়া হয়েছিল। তবে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ভবনটি খুবই পুরাতন, যার ফলে এখানে কোনো ধরনের কাজ করা যাবে কি না, তা তদন্ত করে দেখতে হবে।

আগুন নিয়ন্ত্রণে আনতে এত সময় লাগল কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ভবনটি অনেক পুরনো ও জরাজীর্ণ। তাই খুব সাবধানে আমাদের কাজ করতে হয়েছে। আমাদের সক্ষমতার পুরোপুরি কাজে লাগানো যায়নি। কারণ পানির সংকট, ভেতরের দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড়, চাপা রাস্তা, সব মিলে কিছুটা সময় বেশি লেগেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুরি নির্বাপণ করার পর তদন্ত করে বোঝা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু হয়েছে। তবে, প্রাথমিকভাবে আগুন লাগার সূত্রপাত জানা যায়নি। এটি বৈদ্যুতিক গোলযোগ, সিগারেটের আগুন বা অন্য কোনো কারণে হতে পারে। সেটি তদন্তের পর জানা যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত