হেফাজতে রাখার সময় বৃদ্ধির বিরুদ্ধে লড়তে আদালতে ইউন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০১:২৬ এএম

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে আটক রাখতে সময়সীমা বৃদ্ধির আবেদন করেছেন তদন্তকারীরা। তাদের এই আবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে আইনি লড়াই শুরু করেছেন ইউন। শনিবার তদন্তকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের শুনানিতে হাজির হয়েছেন তিনি। ইউনের আইনজীবী ইউন কাব কেউনের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নানা নাটকীয়তার পর বুধবার ইউনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেদিন সকালে তাকে গাড়িতে করে তদন্ত সংস্থার কার্যালয়ে নিয়ে যেতে দেখা যায়। গ্রেপ্তারের পর কর্র্তৃপক্ষ ইউনকে জিজ্ঞাসাবাদ করতে ৪৮ ঘণ্টা সময় পাবে। কিন্তু গ্রেপ্তারের পর তদন্তকারীদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন ইউন। তাই আরও ২০ দিন তাকে হেফাজতে রাখার জন্য শুক্রবার আর্জি জানান তদন্তকারীরা। সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে স্থানীয় সময় দুপুর ২টার সময় শুনানি আরম্ভ হয়। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কায় রায় ঘোষণা করা হয়নি। আজ রবিবার আদালত সিদ্ধান্ত জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত