নানা আয়োজনে গতকাল রবিবার দেশের বিভিন্ন স্থানে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীরউত্তমের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে বিএনপি ও এর অঙ্গসংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর : দিনাজপুর জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। গতকাল বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
অনুষ্ঠানে আলোচকরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন। শেষে দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সহসভাপতি মাহবুব আহমেদ।
গাজীপুর : মাদ্রাসার শিক্ষার্থীদের দুপুরের খাবার খাইয়ে সাবেক রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের জন্মদিন পালন ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছেন গাজীপুর মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার নেতাকর্মীরা। দুপুরে নগরীর বালুচাকুলি এলাকায় ফাইজদ্দিন-কছিমদ্দিন জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় এ আয়োজন করা হয়। মহানগর জাসাস আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর জাসাসের আহ্বায়ক সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল।
পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নারায়ণগঞ্জ : বিকেলে ফতুল্লার ডিআইটি মাঠের পাশে থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া হয়। সভায় বক্তারা বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দেশের কল্যাণে কাজ করতে হবে। তার দেখানো পথে রাষ্ট্র পরিচালনা করে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব।’
বিকেলে শহরের মাসদাইরে আলোচনা সভা, দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নাসিকের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর যুবদলের নেতা রানা মজিব, আনোয়ার মাহমুদ বকুল প্রমুখ।
ঝিনাইদহ : ঝিনাইদহে গতকাল সকালে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। শহরের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান।
মুন্সীগঞ্জ : বিকেলে মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত করা হয়। সদর ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন প্রমুখ।
এ ছাড়া বিকেলে জেলার শ্রীনগর উপজেলার হাষাড়া ইউনিয়নের লস্করপুর মাঠে এক হাজার মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে বিএনপি ও অঙ্গ-সংগঠন।
ফেনী : ফেনী জেলা বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল হয়। গতকাল বিকেলে শহরের তাকিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খন্দকার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
চাঁদপুর : চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল সকালে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী ও বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ।
জয়পুরহাট : সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের রেলগেটে বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আদমপুর বাজার এলাকায় বিকেলে দোয়া ও কেক কাটা হয়।
এ ছাড়া বগুড়া, কুমিল্লা, গাজীপুরের কালীগঞ্জ, ফেনীর সোনাগাজী ও দিনাজপুরের পার্বতীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
