কিংস অ্যারেনায় হবে এশিয়ান অ্যামপিউটি ফুটবল

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৪৬ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের পাশের কৃত্রিম টার্ফ মঙ্গলবার দখলে ছিলেন এক ঝাঁক শারীরিক প্রতিবন্ধী। তাদের কারও কারও অঙ্গহানী ঘটেছে কোন দুর্ঘটনায়। কেউ পা হারিয়েছেন ভুল চিকিৎসায়। আবার অনেকে জন্মই নিয়েছেন এক পা নিয়ে। শারীরিক এই প্রতিবন্ধকতাকে তারা সবাই জয় করেছেন ফুটবলে ভর করে। সরকার ঘোষিত তারুণ্যের উৎসবে অংশ নিতেই কাল মাঠময় দৌঁড়ে বেড়িয়েছেন তারা। বাফুফে অ্যামপিউটি ফুটবল উৎসবে অংশ নেয় জুলাই বিপ্লবে শহীদ মুগ্ধ একাদশ, আবু সাঈদ একাদশ, ইয়ামিন একাদশ ও সাফাত একাদশ। এই আয়োজনেই জানা গেছে আগামী ৬ থেকে ১২ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে এশিয়ান অ্যামপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ। মঙ্গলবারের এই আয়োজনকে এশিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবেই দেখছেন বাংলাদেশ অ্যামপিউটি ফুটবল অ্যাসোসিয়েশন।

ফেব্রুয়ারিতে এশিয়ান অ্যামপিউটি চ্যাম্পিয়নশিপ সেভেন এ সাইড টুর্নামেন্টে অংশ নেবে ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ। কিংস অ্যারেনায় বিশেষ এই টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত বাফার সহ-সভাপতি বদিউজ্জামান আল আমিন, 'আমাদের কেউই যখন কোন সহযোগিতা করছে না। এই অবস্থায় বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ভেন্যু দেওয়ার পাশাপাশি সবধরণের সহযোগিতা দেবেন।'

এদিকে মঙ্গলবার একদিনের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মুগ্ধ একাদশ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।  এই ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন অভিনেত্রী আশনা হাবিন ভাবনা। প্রতিবন্ধী ফুটবলারদের দেখে নিজের মধ্যেই প্রেরণা খুঁজে পেয়েছেন তিনি, 'প্রতিদিন ভোরে উঠে আমাদের নিজেদের জীবন নিয়ে হাজারো অভিযোগ থাকে। কিন্তু এই ফুটবলারদের দেখে আমার সব অভিযোগ শেষ হয়ে গেছে। এদের দেখে জীবনে এগিয়ে চলার অনুপ্রেরণা পাই।'টুর্নামেন্ট দেখতে এসেছিলেন জুলাই-আগস্ট বিপ্লবে আহত আল আমিন। পুলিশের গুলিতে আহত আল আমিনের এক পা কেটে ফেলতে হয়। শারীরিক প্রতিবন্ধিদের খেলতে দেখে আল আমীন বলেন, 'আমি এসে দেখলাম ওরা কিভাবে ফুটবল খেলে। আমিও ওদের মতো ফুটবল খেলতে চাই।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত