বিশ্বকাপের দুয়ারে বাংলাদেশ

প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে হারাল বাংলাদেশের মেয়েরা

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৯:৩২ এএম

প্রথমবারের মতো ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তুলে নিল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬০ রানের এই জয়ে সিরিজে এলো ১-১ সমতা। সেইসঙ্গে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনা তৈরি হলো। আগামী শুক্রবার সিরিজের শেষ ম্যাচ জিতলেই সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে নিগার সুলতানার দল।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নিগারের ফিফটিতে ১৮৪ রান তোলে বাংলাদেশ। ১২০ বলে ৫ বাউন্ডারিতে ৬৮ রানের ইনিংস খেলেন নিগার। বাকিরা সবাই ব্যাট হাতে ব্যর্থ। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেছেন সোবহানা মোস্তারী আর ২১ রান করেছেন স্বর্ণা আক্তার। এছাড়া আর কেউ বিশের ঘরেও যেতে পারেননি। উইন্ডিজের কারিশমা রামহারক ৪টি এবং আলিয়াহ আলেইন নেন ৩ উইকেট।

রান তাড়ায় নেমে বাংলাদেশের বোলিং তোপে পড়ে ৩৫ ওভারে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৩৫ রানে ৩ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার নাহিদাই ইনিংসের তৃতীয় ওভারে প্রথম আঘাত হানেন। এরই ধারাবাহিকতায় ৭০ রানে ৬ উইকেট হারায় উইন্ডিজ। সর্বোচ্চ ২৮ রান করেন শেমাইন ক্যাম্পবেল। আর কেউ বিশের ঘরে যেতে পারেননি। ২টি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার, রাবেয়া খান এবং ফাহিমা খাতুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত