সৌদি আরবের মক্কা-মদিনা মুসলমানদের তীর্থস্থান। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কোটি কোটি মুসলমান এখানে আসেন হজ ও ওমরাহ করতে। ২০২৪ সালে বিদেশি হজ ও ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল এক কোটি ৮৫ লাখেরও বেশি। সম্প্রতি সৌদি আরবের হজ ও ওমরামন্ত্রী ড. তওফিক আল-রাবিয়া এই তথ্য জানিয়েছেন।
সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় চতুর্থ হজ ও ওমরাহ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে আল-রাবিয়া বলেন, পবিত্র হজ ও ওমরাহ পালনে আসা অতিথিদের অভিজ্ঞতা সম্প্রসারণের জন্য এই ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি আনা হয়েছে।
তিনি মসজিদে নববীতে অবস্থিত রিয়াজুল জান্নাত জিয়ারতের নতুন পদ্ধতি বাস্তবায়নের কথা উল্লেখ করে বলেন, নতুন ব্যবস্থার ফলে রওজা শরিফে জিয়ারতকারীদের সংখ্যা অতীতের তুলনায় ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে ৪০ লাখ মুসলমান পবিত্র রওজা শরিফ জিয়ারত করলেও ২০২৪ সালে তা বেড়ে ১ কোটি ৩০ লাখে পৌঁছেছে।
আল-রাবিয়া হজ ও ওমরা পালনকারীদের কষ্টের কথা স্বীকার করে বলেন, এক সময় নানা অসুবিধা ও ক্লান্তিতে ভরা সেই যাত্রা এখন স্বাচ্ছন্দ্য এবং আশ্বাসের যাত্রায় রূপান্তরিত হয়েছে, হজ ও ওমরাহ পালনকারীদের জন্য ব্যাপক পরিষেবা অপেক্ষা করছে। এ সময় তিনি কৃতজ্ঞতার সঙ্গে বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের বিভিন্ন অবদানের কথা স্বীকার করেন।
ওমরা যাত্রীদের জন্য সৌদি আরবের চালু করা নুসুক অ্যাপের নতুন সংস্করণের উদ্বোধন করেছেন আল-রাবিয়া। নতুন এই সংস্করণের অ্যাপে ওমরাহ যাত্রীদের জন্য শতাধিক অতিরিক্ত সেবা যুক্ত করা হয়েছে।
সূত্র : গালফ নিউজ
