হাজতিদের মারধরের অভিযোগ তদন্তের নির্দেশ আদালতের

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:২৬ এএম

ঝালকাঠি কারাগারের কারারক্ষীদের বিরুদ্ধে এক হাজতিকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার দুপুরে মো. জুবায়ের হোসেন (৩৫) নামে ওই কারাবন্দিকে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাতে ব্যান্ডেজ লাগানো অবস্থায় হাজির করলে বিষয়টি বিচারকের দৃষ্টিগোচর করেন তার আইনজীবী।

এ ঘটনায় আদালতের বিচারক মো. মনিরুজ্জামান আগামী ১৫ কার্য দিবসের মধ্যে বিষয়টি তদন্ত করে জেল কোড বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মো. জুবায়ের হোসেন ঝালকাঠি শহর ছাত্রলীগের সাবেক সভাপতি। জুবায়ের জেলা বিএনপি অফিস পোড়ানোর মামলায় প্রায় দুই মাস ধরে কারাগারে রয়েছেন।

এ বিষয়ে আদালত প্রাঙ্গণে জুবায়ের হোসেন অভিযোগ করেছেন, বিভিন্ন অজুহাতে আমার কাছে কারারক্ষীরা টাকা চেয়েছে। টাকা না দেওয়ায় গত ১৭ জানুয়ারি কারাগারের সুবেদার সোহাগ হোসেন, প্রধান কারারক্ষী আলাউদ্দিন মিয়া, কারারক্ষী ইদ্রিস মিয়া, গিয়াস উদ্দিন, শামীম হোসেন, নুরুল হক ও মুসা মিয়া আমাকে তিন দফায় সারা শরীরে বেধড়ক পিটিয়ে জখম করে ডান হাত ভেঙে দেন।

জুবায়েরের আইনজীবী বনি আমিন বাকলাই বলেন, বিষয়টি আদালতের বিচারকের নজরে আনলে তিনি জেল সুপারকে তদন্ত করে আদালতে প্রতিবেদনের জন্য আদেশ দেন। এ বিষয়ে জেল সুপার আবদুল্লাহ ইবনে তোফাজ্জল হোসেন খান বলেন, কোনো কারারক্ষী জুবায়েরকে মারেননি। জুবায়ের ওয়ার্ডে খাবার নিয়ে কয়েদিদের সঙ্গে তর্কবিতর্ক করলে নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে তিনি আহত হন। সংঘর্ষ থামাতে গিয়ে আমাদের এক কারারক্ষী আহতও হয়েছেন। তিনি বলেন, জুবায়েরকে বুধবার রাতে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত