লিলে, এসি মিলান আর লিভারপুলের কাছে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদ তিন ম্যাচ জিতেও নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগের শীর্ষ আট দলে থাকতে পারেনি। নেমে গিয়েছিল ২০ নম্বরে। শঙ্কা ছিল, ২৪-এর মধ্যে থাকতে না পারলে চ্যাম্পিয়নরা প্লে-অফও খেলতে পারবে না। বুধবার ঘরের মাঠে অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গের বিপক্ষে ও ভিনিসিয়ুস জুনিয়রের জোড়ায় ৫-১ গোলের জয়ে সেই শঙ্কা দূর করেছে রিয়াল। ১২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ১৬ নম্বরে। শেষ রাউন্ডে ব্রেস্তের বিপক্ষে হারলেও ইউরোপ সেরা ক্লাব টুর্নামেন্টে টিকে থাকবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের ২৩ ও ৩৪ মিনিটে গোল করেন রদ্রিগো। ৪৮ মিনিটে ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপ্পে। ভিনিসিয়ুস গোল করেন ৫৫ ও ৭৭ মিনিটে। পাঁচ গোল হজমের পর সালজবুর্গের বিডসট্রুপ ৮৫ মিনিটে এক গোল শোধ দেন। রিয়ালের জার্সিতে গোলের সেঞ্চুরি পূরণ করেছেন ভিনিসিয়ুস। ম্যাচে নিজের প্রথম গোলেই এই মাইলফলক স্পর্শ করেন ভিনিসিয়ুস। পরের গোলে তিনি আরেক ধাপ এগিয়ে যান রোনালদোর রেকর্ডের পথে। রিয়ালের জার্সিতে সবচেয়ে বেশি গোল করা ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদো নাজারিও (১০৪ গোল)। ম্যাচসেরা ভিনিসিয়ুস। তবে পুরস্কার নিতে গিয়ে ভিনি বলেন, ‘আমার তো মনে হচ্ছিল, প্রথমার্ধে আমি ঠিক ভালো খেলতে পারিনি। এটা বরং রদ্রিগোর প্রাপ্য। এমনকি জুডও (বেলিংহ্যাম) পেতে পারত, কিংবা আরও কয়েকজন। তবে দলের জয় আর নিজের গোলে আমি খুশি।’