জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি মধ্যমপন্থি রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে। এজন্য জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কাজ করছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ এলাকা রংপুরের কাউনিয়ায় জনসংযোগকালে এ কথা বলেন তিনি।
এ সময় আখতার হোসেন আঞ্চলিক ভাষায় বলেন, ‘শেখের বেটি হাসিনা ধুমধাম করিয়া একটা পদ্মা সেতু বানেয়া ৭৮টা পদ্মা সেতু বানার টাকা তার লোকজনসহ বিদাশে পাচার করছে। সে টাকাগুলা যদি দেশত থাকিল হয় তাহইলে হামার বাড়ির পাশত মানাষ নদীত দেশের ছোট ছোট নদীত মেলাগুলা সেতু বানা যাইতো। কিন্তু উন্নয়নের নামে পদ্মা সেতু বানার নামে টাকা মারি দিয়া বিদাশোত পাচার করছে। স্বাধীনতার ৫০ বছর পার হয়া গেইছে কিন্তু দেশের মানুষ ভালো নাই, তারা অনেক কষ্টে আছে। দেশের বিচার বিভাগ স্বাধীন নাই। জজ, বিচারোকরা স্বাধীনভাবে বিচার করিবার পায় না, এজন্য নতুন আইন করা লাগবে, আগের যে সংবিধান আছে সে সংবিধানে হাসিনার মতো স্বৈরাচার, ফ্যাসিবাদী জুলুমবাজ হবে। তাই আমরা একটা নতুন সংবিধান চাই। যে সংবিধানে যেই ক্ষমতায় থাকুক হাসিনার মতো স্বৈরাচার, ফ্যাসিবাদী ও জুলুমবাজ হইতে না পারে। নতুন সংবিধানে যেন জবাবদিহিতা থাকে।’ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের তিস্তা পারে ইকোনমিক জোন প্রতিষ্ঠা এবং কেউ আট শতক জমি দিলে সরকারের কাছ থেকে বরাদ্দ এনে কমিউনিটি ক্লিনিক করে দেওয়ার চেষ্টা চালাবেন বলে ঘোষণা দেন তিনি।
