গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের সানা অ্যাক্সেসরিজ কারখানায় এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষের দাবি, অন্তত ১০ জনের ডাকাত দল কারখানার নিরাপত্তাকর্মীদের বেঁধে দামি সরঞ্জাম লুটপাট করে নিয়ে গেছে।
কারখানার নিরাপত্তাকর্মী মাসুদ রানা বলেন, রাতে কয়েকজন লোক এসে তাদের হাত-পা বেঁধে ফেলেন। এরপর তারা কারখানার ভেতরে লুটপাট চালায়। মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হক বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
সোনাগাজীতে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৩ : ফেনীর সোনাগাজীতে স্ত্রীসহ ঘুরতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন মীর মোহাম্মদ ইমাম উদ্দিন নামের এক ব্যক্তি। তিনি ফেনী রেলস্টেশনের স্টেশন মাস্টার হিসেবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় জিম্মি করে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ তুলে চারজনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে ফেনী মডেল থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রাম থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন, আশিক (৩০), জসিম উদ্দিন (২৮) ও রনি (৩২)। সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন্দ তিনজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পর্যটন এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা রোধে পুলিশ সক্রিয় রয়েছে। ইতিমধ্যে পুলিশের অভিযানে অপরাধীরা গা-ঢাকা দিয়েছে।
