চট্টগ্রাম

সন্ত্রাসী বার্মা সাইফুলের আস্তানা থেকে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৪ 

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:৩৩ পিএম

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ওরফে বার্মা সাইফুল বাহিনীর আস্তানা থেকে মন্দিরের পুরোহিত-সেবকসহ তিনজনকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ভিকটিমদের উদ্ধারের পাশাপাশি চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। যারা সবাই শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলের ক্যাডার। 

এর আগে উক্ত তিনজনকে অপহরণ করে ‘গোপন আস্তানায়’লুকিয়ে রেখে তাদের পরিবারের কাছে ৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল বার্মা সাইফুল। 

গ্রেপ্তার চারজন হলেন-বাছির আহমদ রানা (২৭), মো. জিহাদ (২৪), মো. আরিফ (২৪) এবং মো. ইমন হোসেন সাদ্দাম (২৩)। 

উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন- ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের পুরোহিত কেশব মিত্র দাস (৪৩), সেবক রুবেল রুদ্র (৪২) এবং বায়েজিদ বোস্তামি থানার হিলভিউ আবাসিক  এলাকার বাসিন্দা সমির দাস (৪৫)। 

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে দামপড়ায় নগর পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন। তিনি বলেন, ‘গতকাল (শনিবার) পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকা থেকে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে তিনজনকে অপহরণ করা হয়। এরপর বায়েজিদ এলাকার একটি ভবনের চতুর্থ তলায় আটকে রেখে ৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ছাড়াও অপহৃত ভিকটিমদের ব্যাপক মারধর করা হয়।’

সিএমপির কর্মকর্তা রইছ উদ্দিন আরও বলেন,‘আমরা খবর পেয়ে অভিযান চালালে অপহরণকারীরা পুলিশের চোখ ফাঁকি দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনের বাগানে ভিকটিমদের লুকিয়ে রাখে। সিএমপির ডিবি উত্তর-দক্ষিণ বিভাগের একটি টিম গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঁচলাইশ থানার পলিটেকনিক মোড় সংলগ্ন শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনের একটি বাগান থেকে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করা হয়। এ সময় পাঁচটি মোটরসাইকেল, ১০টি কিরিচসহ বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় চারজনকে।’ 

পুলিশ জানায়, গ্রেপ্তার আসিফের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। রানার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। জিহাদ এবং আরিফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলাগুলো বেশিরভাগই চুরি, ছিনতাই, ডাকাতি এবং চাঁদাবাজির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত